চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটিয়ার কেলিশহর ইউনিয়নের ইন্নারপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেন (৫৪) ও মো. মহসিন (৩৩)। শনিবার (২৫ জুলাই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, পটিয়ায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় গত ২৪ জুলাই দুপুরে কেলিশহর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানকালে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে ৬টি কিরিচ, ৫টি রামদা, ১টি দামাদা, ১টি লোহা কাটার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে একই এলাকার ছাতিভাঙ্গা আফছারের গাছবাগান থেকে লুকিয়ে রাখা ২টি একনলা বন্দুক এবং ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত এসব আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, অপরাধ, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। দুর্গম পাহাড়িসহ পুরো জেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত করা, অস্ত্রের মূল উৎস উদ্ঘাটন এবং পুরো সন্ত্রাসী চক্রকে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলা সম্পর্কিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।