নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়(১৮ জুলাই) বিয়ের আনন্দঘন আয়োজন শেষ করে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে যায় দুটি পরিবার।নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শাল্টিবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস গভীর খাদে পড়ে গেলে সাত মাস বয়সী এক শিশুসহ দুইজন নিহত হন।এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায়। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী শিশুপুত্র জীবন ইসলাম এবং মোজা মিয়ার ছেলে,এইচএসসি পরীক্ষার্থী রিয়াদ ইসলাম (২০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়।বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীরা নববধূকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
পথিমধ্যে রাত প্রায় ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।এতে মাইক্রোবাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়।ভয়াবহ এ দুর্ঘটনায় বর-কনেসহ প্রায় ১৪ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন।আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু জীবন ইসলাম ও কলেজছাত্র রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন।আহতদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নীল রতন দেব জানান, রাতে মোট ১৪ জন আহতকে হাসপাতালে আনা হয়েছিল।তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।অন্যদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দুর্ঘটনায় বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে।নবদম্পতির নতুন জীবনের সূচনালগ্নেই এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।