দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেছে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার বিকেলে বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এ পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মকশেদ আলী মঙ্গলীয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা।
এ সময় বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।