ঢাকা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজের একদিন পর কুমিল্লার লালমাই এলাকায় রেললাইন থেকে আবদুল আজিজ (৩২) নামের এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে। নিহত আবদুল আজিজ চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়ার মৃত আবদুল আলমের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা, স্ত্রী ও তিন বছরের শিশু সন্তান আয়ানকে রেখে অকালে ঝরে গেলো একটি তাজা প্রাণ। পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আবদুল আজিজ ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ৮টার দিকে পরিবারের সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাত ১২টার মধ্যে বাড়ি পৌঁছানোর কথা থাকলেও তিনি ফেরেননি। এতে পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে। পরদিন (২৩জানুয়ারি) শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেললাইন থেকে উদ্ধার হওয়া একটি লাশের ছবি দেখে পরিবারের সদস্যরা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে ভিডিও কলে লাশটি দেখে তারা নিশ্চিত হন, এটি আবদুল আজিজের। রেল পুলিশ জানায়, কুমিল্লার লালমাই রেল স্টেশন এলাকার রেললাইনের ওপর থেকে নিহতের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, আবদুল আজিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানান, আবদুল আজিজ ছাত্রজীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। খেলাধুলাতেও তার ছিল উল্লেখযোগ্য অর্জন। উত্তম আচরণ ও উদার মানসিকতার কারণে এলাকায় তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে। পরিবার ও এলাকাবাসী দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।