মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ পালিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, “যারা মাদকের ব্যবসা করে, তারা রাজনৈতিক ছত্রছায়া ছাড়া ব্যবসা করতে পারে না। আমি প্রশাসনকে স্পষ্ট করে বলছি, যদি বিএনপির নেতাকর্মীরাও মাদকের কারবারের সঙ্গে জড়িত থাকে, তবে সর্বপ্রথম তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করুন”।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, “মাদক কেবল ব্যক্তি বা পরিবারকে ধ্বংস করে না, এটি রাষ্ট্রকে ক্ষতবিক্ষত করে। মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক প্রতিরোধ”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন।
বক্তারা প্রতিটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকের ছোবল থেকে রক্ষায় জনপ্রতিনিধি, প্রশাসন এবং জনগণের সমন্বিত ও কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সভায় কোনো ভাড়াটিয়া বা বাড়ির মালিক মাদক ব্যবসার সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, যুব সংগঠন তারকা সংঘের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল হক, সাপ্তাহিক জামালপুরের কথা পত্রিকার সম্পাদক সৈয়দ মনিরুল হক নোবেল, এবং সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়াসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে মাদকবিরোধী প্রচারণায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।