চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ৩টার দিকে উথলী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে ওই ব্যক্তিকে উথলী স্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। সোমবার দুপুরে রূপসা এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময় তিনি ট্রেনে কাটা পড়েন।
খবর পেয়ে দর্শনা রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের জন্য কাজ করছে পুলিশ।
দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বলেন, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”