আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাঁচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আল-আমিন। এ সময় তিনি চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সরেজমিনে দেখা গেছে, ১০ জুলাই (শুক্রবার) বিপুল সংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে কাঁচপুর সেনপাড়ায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি তুলে ধরেন। গণসংযোগে সাধারণ জনগণ ও ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
জনসংযোগ ও প্রচারণায় আরও উপস্থিত ছিলেন কাঁচপুর ইউনিয়ন জামায়াতের তদারককারী ও সেক্রেটারি মাওলানা এনায়েত, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান হুজাইফি, অর্থ সম্পাদক ইসমাইলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রচারণাকালে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আল-আমিন বলেন, “কাঁচপুর অঞ্চলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এবং ঢাকায় প্রবেশের অন্যতম প্রধান প্রবেশদ্বার হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা। শিল্পসমৃদ্ধ এই অঞ্চলে বহু মানুষের বসবাস এবং দেশের বিভিন্ন জেলার মানুষের কর্মসংস্থান ও জীবিকার সঙ্গে কাঁচপুরের সম্পর্ক রয়েছে। আমি যদি কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে গণমানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখব। চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো। এ লক্ষ্যে আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”