দিনাজপুরের ঘোড়াঘাটে গাঁজা চাষের অভিযোগ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিস। ।রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের শ্রীহরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ওই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীহরিবিহরি এলাকায় গাঁজা চাষের খবর পেয়ে ঘোড়াঘাট থানার ১০ থেকে ১২ সদস্যের একটি দল রাতে অভিযান চালায়। পরে আবু তালেবের বাড়ির সামনে কয়েক শতক জমিতে আদা গাছের আড়ালে গাঁজার দুটি বড় গাছ দেখতে পায় পুলিশ।
উদ্ধার করা গাছ দুটির উচ্চতা ছিল প্রায় ১২ ফুট। এর মধ্যে একটি গাছের ওজন প্রায় ১২ কেজি, আর অন্যটির ওজন ৮ কেজি বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, ‘আমার এলাকায় একজন ব্যক্তি গাঁজার গাছ রোপণ করেছে। এটি এলাকার সবার জন্য ক্ষতিকর। এ ধরনের গাছ যাতে কেউ চাষ করতে না পারে, সে বিষয়ে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।’
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, গাঁজা চাষের খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, নিষিদ্ধ মাদক গাঁজার গাছ চাষের অভিযোগে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে