কক্সবাজারের টেকনাফে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক মাদক মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকার মৃত মীর কাশিম ও আনোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ বাবুল মিয়া (২৫)।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত বাবুল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে ছদ্মনামে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।