সিলেট বিভাগের নবনিযুক্ত ডিআইজি ড. মো. জিল্লুর রহমানের দিকনির্দেশনায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ফোর্স মবিলাইজেশন ড্রিল, চেকপোস্ট স্থাপন ও সপ্তাহব্যাপী ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার (১১ মে) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আল নোমান এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালায়।
অভিযান চলাকালে মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, বিভিন্ন মামলার পলাতক আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, বাড়ি-বাড়ি তল্লাশি এবং বাসস্ট্যান্ডসহ জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির মতো কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ফোর্স মবিলাইজেশন ড্রিল নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নবনিযুক্ত ডিআইজির নির্দেশনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ সমন্বিত অভিযানকে স্বাগত জানিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগ অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি করবে।