মাদারীপুর সদর উপজেলার চরখোয়াজপুর এলাকায় ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে হাসান ফকির (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি অত্র এলাকার আলী ফকিরের ছেলে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বিদ্যাবাগীস বাজারে কাজ শেষে হাসান ফকির নিজ বাড়িতে ফিরে হাত-মুখ ধোয়ার উদ্দেশ্যে বাথরুমে প্রবেশ করেন।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, হাসান বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করেছিলেন।
দীর্ঘদিন ধরে ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একপর্যায়ে হতাশার বশবর্তী হয়ে তিনি বাথরুমে থাকা একটি ওড়না গলায় পেঁচিয়ে টিনের ছাউনির কাঠের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।
কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত বাথরুমে প্রবেশ করে তাকে উদ্ধার করেন।
পরে তাকে তাৎক্ষণিকভাবে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
মৃত্যুর কারণ তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানা যায়।