আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এরশাদ উল্লাহ বলেন, “আমরা সবাই এ দেশের সন্তান। কেউ রাজনীতি করি, কেউ সরকারি চাকরি করি—কিন্তু লক্ষ্য একটাই, দেশের উন্নয়ন। অতীতে কী হয়েছে না হয়েছে, সেটা নিয়ে পিছনে ফিরে থাকতে চাই না। সেগুলো দূর করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, নিরাপদ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, জনগণের সেবাই প্রশাসনের মূল দায়িত্ব। সমন্বয়ের মাধ্যমে কাজ করলে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের হতাশার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, “সেতুটি দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি। খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কাজ শুরুর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভায় দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছাক চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, হারুন অর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কর্মকর্তারা মাঠপর্যায়ে চলমান বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও জনসেবার চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সেগুলো সমাধানে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।