আবুল হাসনাত সজিব : আজ ২৮ সেপ্টেম্বর রোজ শনিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে লেবানন ও ফিলিস্তিনের উপর ইজরাইলের হামলার প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ এর সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ।
তিনি তার বক্তব্য বলেন – ফিলিস্তিন এবং দক্ষিণ লেবাননে যে পরিমাণ নির্যাতন চলছে তা বন্ধের দাবিতে আজকে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমেছি। বাংলাদেশের সরকারের মাধ্যমে জাতিসংঘ কে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে জায়নবাদী ইসরাইলকে জাতিসংঘের সদস্য পদ থেকে বহিষ্কার করা হোক এবং ফিলিস্তিন ও লেবাননের যুদ্ধ বন্ধের জন্য জরুরি ব্যবস্থা নেওয়া হোক। এমনকি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারকার্য করা হোক।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্যে বলেন – ১৬ বছরের স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে যুদ্ধ করে আমরা পতন করতে পেরেছি। বাংলাদেশের জনগণ চাইলেই সব পারে। আপনি ড. মোহাম্মদ ইউনুস স্বাধীনভাবে কাজ করে যান। আমরা সবাই আপনার পাশে আছি। আপনার ভয়ের কোন কারণ নেই। এই স্বৈরাচার সরকারের বিচার অনতিবিলম্বে বাংলার মাটিতে করা চাই।
এ সময় উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাসদ ঢাকা মহানগর সদস্য খালেকুজ্জামান লিপন , জাকির হোসেন, রোকসানা আফরোজ আশা সহ বাসদ এর সকল পর্যায়ের নের্তৃবৃন্দ।
উক্ত সমাবেশটি পরিচালনা করেন বাসদ ঢাকা মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন প্রিন্স।
সমাবেশের পর বাসদের নের্তৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল বের করেন যারা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের সামনে এসে শেষ হয়।