আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পান্তা পাড়া গ্রামে জমি দখলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবুল বাশার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিটির চারদিকে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছেন সুশীল চন্দ্রসহ তার পরিবার।
সুশীল চন্দ্র জানান, তারা হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের লোক। তাদের শক্তি না থাকায় আওয়ামী সরকারের আমলে জমিটি বাশার ও সাইফুল দখল করে নেন। তিনি আরও জানান, পূর্বে তারা ওই জমিতে ভোগদখলে ছিলেন। গত তিন-চার বছর ধরে সাইফুল ও তার ভাই বাশার জমি দাবি করে তা দখল করে রেখেছিলেন ।
অন্যদিকে আবুল বাশার ও তার পরিবারের দাবি, তারা প্রায় ১০-১২ বছর ধরে ক্রয় সূত্রে জমিটি ভোগদখল করে আসছেন। তাদের অভিযোগ, স্থানীয় কিছু বিএনপি নেতার যোগসাজশে গত ২১ সেপ্টেম্বর সকালে সুশীল চন্দ্র ও তার পরিবার জমিতে বাঁশ দিয়ে বাউন্ডারি নির্মাণ করেন। উক্ত জমিটি নিয়ে আদালতে চলমান মামলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এ কাজ করেন বলে অভিযোগ করেন আবুল বাশার।
স্থানীয় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান না করলে যেকোনো মুহূর্তে সংঘাত ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী।