চলমান মাদক বিরোধী অভিযানে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ মাদক সম্রাট কবির হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী তাহমিনাকে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১২টার পর থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে একই থানাধীন বরমী মধ্যপাড়া জনৈক কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে কবির পালিয়ে গেলেও তার স্ত্রী মাদক কারবারি তাহমিনাকে ( ৩৫) গ্রেফতার করে। তাহমিনা মাদক কেনাবেচায় জড়িত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে পুলিশ অভিযান চালিয়ে বরমী মধ্যপাড়া কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে কবির হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তারকৃত তাহমিনাকে আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক বিষয়ক এবং পুলিশকে মারধরের ১টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।
পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।