খাগড়াছড়ির দীঘিনালায় দীঘিনালা জোনের আয়োজনে ‘দীঘিনালা ফুটবল কাপ টুর্নামেন্ট (নারী) ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে দীঘিনালায় এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল আল আমিন, এসইউপি, পিএসসি-এর উপস্থিতিতে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত খেলায় বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ ও বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশ অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বোয়ালখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-০ গোলে পরাজিত করে বাবুছড়া ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে।
টুর্নামেন্টে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক, জোন অ্যাডজুটেন্ট, কিউএম, আরএমও, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ও শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীসহ আনুমানিক তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে দীঘিনালা জোনের পক্ষ থেকে জোন কমান্ডার লে. কর্নেল আল আমিন কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ফুলের চারা বিতরণ করেন। চারা পেয়ে শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা, নারীদের ক্রীড়া ক্ষেত্রে অংশগ্রহণ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।