চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবন করে প্রকাশ্যে জনশৃঙ্খলা ও শান্তি বিনষ্ট করার অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট মামলা নং-৩৩-এর মাধ্যমে পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দে’র ছেলে জয় দে (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া মোবাইল কোর্ট মামলা নং-৩৪-এর মাধ্যমে উত্তর কঞ্জুরী এলাকার মৃত রতন নাথের ছেলে রাজীব নাথ-কেও একই আইনের একই ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকেও আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত দুই আসামিকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
বোয়ালখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।