কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলভীকুমবাজার সংলগ্ন ভাঙ্গার মুখ এলাকায় সালাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহাম্মদ আলমগীর নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তার হাত ও আঙুল ভেঙে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মৌলভীকুমবাজারের ভাঙ্গার মুখ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ইউপি সদস্য (মেম্বার) শনসুর ছেলে সালাউদ্দিনের সঙ্গে মোহাম্মদ আলমগীরকে একপর্যায়ে হামলা করেন। অভিযোগে বলা হয়েছে, হামলার সময় সালাউদ্দিন মদ্যপ অবস্থায় ছিলেন। এতে আলমগীর গুরুতর আহত হন এবং তার হাত ও একটি আঙুল ভেঙে যায় বলে দাবি করা হয়েছে।
আহত মোহাম্মদ আলমগীরের বাড়ি চিরিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় বাসিন্দা রফিক বলেন, “ঘটনার সময় সালাউদ্দিন আলমগীরকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।”
স্থানীয় বাসিন্দা পুতু বলেন, “এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
স্থানীয় তৌহিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা আইন নিজের হাতে তুলে নেয়, তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”