মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য সংগ্রহ, কার্যকর নজরদারি এবং আইনগত ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে মাদারীপুর জেলা পুলিশের উদ্যোগে “মানবপাচার প্রতিরোধ ও মনিটরিং সেল”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, মানবপাচার একটি সংঘবদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ। এই অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশ সুপার আরও বলেন, নতুন এই মনিটরিং সেলের মাধ্যমে মানবপাচার সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ, তথ্য যাচাই, ভুক্তভোগীদের সহায়তা প্রদান এবং অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি জেলার বিভিন্ন সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে মানবপাচার প্রতিরোধে কাজ করা হবে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, মানবপাচার সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ দ্রুত জেলা পুলিশকে অবহিত করলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে বিদেশে চাকরি বা উন্নত জীবনের প্রলোভনে কোনো প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবপাচার প্রতিরোধে এই বিশেষ মনিটরিং সেল চালুর মাধ্যমে মাদারীপুর জেলায় অপরাধ দমনে জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।