টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটি গ্রামের আট শিক্ষার্থীর একযোগে প্রাথমিক বৃত্তি অর্জনের সাফল্যে আনন্দে ভাসছে পুরো জনপদ। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলসহ মোট আটজন শিক্ষার্থী কৃতিত্বের স্বাক্ষর রাখায় তাদের সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। এ অর্জনকে শিক্ষার প্রতি গ্রামের দীর্ঘদিনের আগ্রহ ও সচেতনতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন বক্তারা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ঘাটেশ্বরী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও শুভকামনা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীজন করতালির মাধ্যমে নবীন মেধাবীদের অভিনন্দন জানান।
সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা হলেন— ফাতেমা আক্তার শেমী, আরাফাত আল মামুন, আনাস আল মামুন, কুঞ্জেনুর বিনতে কামাল, তাওহীদুর রহমান খান, সামির হোসেন, মোনায়েম হোসেন এবং সানজিদা আক্তার মীম।
ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এবং ঢাকাস্থ সখীপুর উপজেলা যুব সমিতির সাবেক সভাপতি সরওয়ার পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সখীপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক মাইন উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম, বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহযোগী অধ্যাপক ড. আরমান হোসেন, অধ্যক্ষ নাছির উদ্দিন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এবং ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী জমজ তিন সন্তানের মা শিক্ষিকা আর্জিনা বেগম।
বক্তারা বলেন, একটি গ্রাম থেকে একসঙ্গে এতজন শিক্ষার্থীর বৃত্তি অর্জন নিঃসন্দেহে বিরল ও গৌরবের বিষয়। এটি শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাদের পরিবারের নয়, সমগ্র এলাকার জন্যও এক অনন্য অর্জন। এমন সাফল্য অন্য শিক্ষার্থীদের মধ্যে অধ্যবসায়, প্রতিযোগিতার মনোভাব এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা গেলে ভবিষ্যতে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের স্বপ্নপূরণে নতুন প্রেরণা জোগায়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী, সমাজের বিশিষ্টজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনা শেষে উপস্থিত সবাই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনেও সখীপুরের শিক্ষার্থীরা এ ধরনের কৃতিত্বের ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।