নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নে কৃষকের আকস্মিক মৃত্যু। স্হানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে কাজ করতে গিয়ে হঠাৎ ঝড় -বৃষ্টিসহ বজ্রপাতের কবলে পড়ে কৃষক। প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে জীবন বাঁচাতে দ্রুত নিরাপদ স্হানে ফিরার উদ্দেশ্যে রওয়ানা হলে ও আশে পাশে কোন বাড়িঘর না থাকায়, নিজ বাড়ি ফেরার পথে সামাদ (৫৫) নামের ১ কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা যায়।
১৮ মে (সোমবার) ২০২৬ ইং তারিখে সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুর কান্দি এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী। নিহত সামাদ লালুর কান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তিরা একই এলাকার ইউসুফ আলী ও ইসমাইল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সামাদ, ইউসুফ ও ইসমাইল বাড়ির পাশে ধানের জমিতে কাজ করতে যায়, কাজ করার একপর্যায়ে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। আকাশের বৈরীতায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে তারা কাজ বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন,কিন্তু নিয়তির নির্মম পরিহাস বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্রই আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তারা তিনজনই ঘটনাস্হলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়।
ঘটনাস্থল থেকে পরিবার ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ভিকটিম ইউসুফ আলী ও ইসমাইলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
বাড়ি ফেরার প্রত্যাশায় রওনা দিয়ে বাড়ি ফেরা হল না কৃষকের।বাড়ি ফিরেছেন সামাদ, কিন্তু ফিরা হল না নিরাপদে, ফিরেছেন নিথর দেহে। অনন্তকালের শেষ যাত্রায়।
বজ্রপাতে কৃষক সামাদের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, আত্নীয় স্বজন – এলাকাবাসীর মনে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিনিয়ত বর্ষা কালে প্রাকৃতিক দূর্যোগের হাতে বজ্রপাতে প্রাণ যাওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।