মেধা, নৈতিকতা ও শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান। শনিবার(৯-মে) সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা উপজেলার ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৬৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৮৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী সাফা ইসলাম সারা বাংলাদেশে ৫ম স্থান অর্জন করে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। তার এ সাফল্যে অনুষ্ঠানে উপস্থিত সবাই তাকে অভিনন্দন জানান।
ইসলামিক সোসাইটি চুয়াডাঙ্গার জেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি সনদ তুলে দেন। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।