কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ মালামাল অবৈধভাবে বাইরে পাচার করে শত কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও স্থানীয় মহলের দাবি, একটি সংঘবদ্ধ চক্র গেইট পাস ব্যবস্থার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে।
সূত্রের বরাতে জানা যায়, কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে প্রকল্পের ভেতরে থাকা মালামাল নিয়ম বহির্ভূতভাবে বাইরে সরিয়ে নেওয়া হচ্ছে। এতে প্রকল্পের সরকারি সম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, ঠিকাদারি কাজ শেষে অবশিষ্ট মালামাল নিয়ম অনুযায়ী প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা থাকলেও তা না করে কিছু ক্ষেত্রে গেইট পাস ব্যবহার করে বাইরে নেওয়া হচ্ছে। এতে প্রকল্পটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, এ কার্যক্রমে প্রকল্পের কিছু কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের অভ্যন্তরীণ একটি চক্র জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছে স্থানীয় মহল ও সচেতন নাগরিকরা।