ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪ থেকে ৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাটুরদিয়া বাজার থেকে একটি অটোরিকশা (ভ্যান) মহাসড়কে উঠার সময় ভাঙ্গাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ ৪ থেকে ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।