কালিয়াকৈর গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন চন্দ্রা সদর ও বারুইপাড়া ফরেস্ট বিটে ব্যাপক হারে বনভূমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বনের গাছ কেটে উজাড় করে ব্যক্তিমালিকানাধীন বাড়ির রাস্তা নির্মাণ করে দেওয়া হচ্ছে, যা মূলত বনভূমি স্থায়ীভাবে দখলের পথ প্রশস্ত করছে।
অনুসন্ধানে জানা যায়, চন্দ্রা সদর ও বারুইপাড়া বিটের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বনের মূল্যবান গাছ কেটে সাবাড় করা হচ্ছে। বন বিভাগের জমি দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর ও রাস্তা নির্মাণ করা হলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন সংশ্লিষ্ট বিট কর্মকর্তারা।
বিশেষ করে চন্দ্রা সদর বিট কর্মকর্তা ইকবাল হোসেনের বিরুদ্ধে সরাসরি এই দখল প্রক্রিয়ায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বনের জমি দিয়ে রাস্তা নির্মাণের মাধ্যমে প্রভাবশালী মহলকে বনভূমি হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত বিট কর্মকর্তা ইকবাল হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এবং বিষয়টি এড়িয়ে যান। বনভূমি রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।