রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী আড়ানী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বড়াল ক্যাডেট স্কুলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, প্রয়াত সহকারী অধ্যাপক মুঞ্জুরুল হক স্মৃতি মেধা বৃত্তি প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি মোঃ আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, সাবেক চেয়ারম্যান ও আড়ানী পৌর বিএনপির সভাপতি মোঃ তোজাম্মেল হক, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান স্বজন এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন শামিম সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েল। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
বড়াল ক্যাডেট স্কুলের পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, এমন সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য আড়ানী ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এবং নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি মোঃ মহিদুল ইসলাম জুয়েলকে আন্তরিক ধন্যবাদ।
আয়োজকরা জানান, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল।