চট্টগ্রামের পটিয়ায় বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উদ্যোগে এক অসহায় বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (১২ এপ্রিল) পটিয়া উপজেলা সংলগ্ন এলাকায় হাইদগাঁও গ্রামের বাসিন্দা জাহানারা বেগমের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। জানা যায়, জাহানারা বেগম দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধার উপার্জনের কোনো স্থায়ী উৎস নেই। কখনো অন্যের সহায়তায়, কখনো বা অল্প কিছু কাজ করে কোনোরকমে দিন কাটান তিনি। নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। হঠাৎ এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাহানারা বেগম। কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এই সাহায্য আমার অনেক উপকারে আসবে। আল্লাহ আপনাদের ভালো রাখুন।” তার চোখেমুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি ও বসুন্ধরা শুভসংঘ পটিয়া শাখার উপদেষ্টা আবদুল হাকিম রানা, বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, সাংবাদিক ফারুকুর রহমান বিনজু, সাংবাদিক কামরুল ইসলাম, সাবেক কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, মো. রিজয়ানুল হক আলমদার, মো. কাউসারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া শুভসংঘ পটিয়া শাখার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইব্রাহীম, মো. পারভেজ, মো. আনিস, মো. তানবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সংগঠনের নেতারা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই বসুন্ধরা শুভসংঘের মূল লক্ষ্য।ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।