বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকাল থেকেই ফটিকছড়ি উপজেলা মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে উৎসবে আসা হাজারো মানুষের উপস্থিতিতে।
উপজেলা মাঠ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরোয়ার আলমগীর। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ফটিকছড়ির বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের পরিবেশিত নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিশেষ ডিসপ্লে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে শিক্ষার্থীরা রঙিন পোশাকে সেজে এই আয়োজনে যোগ দেন।
এদিকে, নববর্ষ উপলক্ষে উপজেলা মাঠ প্রাঙ্গণে বসেছে বৈশাখী মেলা। মেলা প্রাঙ্গণে হাজার হাজার মানুষের ঢল নামে। ছোট-বড় সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবের মিলনমেলা। বিভিন্ন স্টলে নারী উদ্যোক্তাদের হাতের তৈরী বিভিন্ন আচার,মিষ্টান্ন সহ মাটির তৈরি খেলনা, কুটির শিল্প এবং ঐতিহ্যবাহী মিষ্টান্নের সমাহার দেখা গেছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।