ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলী গ্রামে আদালতের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, গত ১ এপ্রিল ২০২৬ তারিখে ভাঙ্গা দেওয়ানী আদালত থেকে ইনজাংশন জারির পরও বিবাদীরা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী মো. মতিয়ার রহমান তালুকদার জানান, পৈত্রিক সম্পত্তি রক্ষার লক্ষ্যে তিনি ভাঙ্গা দেওয়ানী আদালতে (মোকদ্দমা নং-৮২৬/২৬) আবেদন করেন। আদালত সংশ্লিষ্ট জমিতে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন এবং তা বাস্তবায়নে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। তবে অভিযোগ রয়েছে, এই নির্দেশনা অমান্য করে বিবাদী মহসীন তালুকদার ও হাবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা জমিতে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন।
মামলার নথি অনুযায়ী, এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে ২০২০ সালে নগরকান্দা সিনিয়র সহকারী জজ আদালত (ভাঙ্গা চৌকি)-এ একটি দেওয়ানী মামলা দায়ের করা হয়। সেখানে আরএস ৮৯৫, ৮৯১ ও ৮৯২ দাগভুক্ত মোট ১৬১ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ জমির মালিকানা দাবি করেন বাদী। জমির পরিমাণ ও রেকর্ড সংক্রান্ত বিষয়ে এসএ ও আরএস/বিএস খতিয়ানের মধ্যে অসামঞ্জস্য থাকায় বিরোধের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগীর অভিযোগ, বিবাদীরা জালিয়াতির মাধ্যমে প্রকৃত মালিকানার চেয়ে বেশি জমি নিজেদের নামে রেকর্ড করিয়ে নিয়েছেন এবং বর্তমানে সেই জমিতে জোরপূর্বক দখল নিয়ে স্থাপনা নির্মাণ করছেন। তিনি আরও দাবি করেন, এ ঘটনায় তিনি এলাকায় যেতে পারছেন না এবং প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন।
অন্যদিকে, অভিযুক্ত হাবিবুর রহমান ও মহসীন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, আদালতের কোনো নিষেধাজ্ঞার নোটিশ তারা পাননি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিরোধ নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।