গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণকালে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে স্থান
পাওয়া গাজীপুরের জেলা পরিষদের কার্যক্রমে আরো গতিশীলতা আনয়নপূর্বক এটির সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে। কারণ জেলা পরিষদসমূহের মাধ্যমে জনগণের দুঃখ কষ্ট লাঘবসহ দেশের উন্নয়নে এর সেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সরকার কর্তৃক প্রবর্তিত আইনের ব্যত্যয় না ঘটিয়ে সকলের আন্তরিক সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে দেশের উন্নয়নে বিশ্বমানের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। মূলত: সে জন্যেই গণতান্ত্রিক সরকার আমাকে এ জেলাবাসীর সেবা করার নিমিত্তে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণকালে গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী মতবিনিময়ে এসব কথা বলেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি আরো বলেন, গাজীপুর জেলা পরিষদকে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। একইসঙ্গে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
নয়া প্রশাসক জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং জনকল্যাণমুখী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা পরিষদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
নবাগত প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী– প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এর ভিশন বাস্তবায়ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নপূর্বক দুর্নীতিমুক্ত গাজীপুর জেলা পরিষদ গঠনের মাধ্যমে গাজীপুর জেলা পরিষদকে এদেশের সেরা জেলা পরিষদে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমানসহ জেলা পরিষদের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান নির্বাহী কর্মকর্তা নবনিযুক্ত প্রশাসককে পরিষদের নিয়মতান্ত্রিক কার্যক্রমে সকল ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার ৩১ মার্চের এক প্রজ্ঞাপনে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। অতঃপর তিনি ৩১ মার্চ পূর্বাহ্নে যোগদান পত্র দাখিল করেন এবং বুধবার (১ এপ্রিল) গাজীপুর ২ আসনের এমপিসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সর্বস্তরের নেতাকর্মী ও জনগণ কর্তৃক ফুলেল শুভেচ্ছায় ও অভিনন্দনে ভূষিত হন।
ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দায়িত্ব গ্রহণে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।