আশুলিয়া: ঢাকার আশুলিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আশুলিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও উন্নয়নমূলক আলোচনা–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নের লক্ষ্য নিয়ে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার (২৮ মার্চ) বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাঈম সরকার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি মোঃ মেহেদী হাসান মিঠু। এছাড়া বক্তব্য রাখেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম ও রিপোর্টার মোঃ আখতার হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের উন্নয়ন ও সত্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের আয়োজন পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আশুলিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজুল হক (ফিরোজ) এবং যুগ্ম সম্পাদক মোঃ সোহেল মিয়ার সঞ্চালনায় পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়।