রাজধানীর শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালে সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালের তথ্য অনুসন্ধান কেন্দ্রে কোনো কর্মচারী না থাকায় প্রয়োজনীয় তথ্য পেতে হিমশিম খেতে হচ্ছে সেবা প্রত্যাশীদের।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেকেই অভিযোগ করেন, তথ্য কেন্দ্র ফাঁকা থাকায় রোগী ও স্বজনদের বিভিন্ন বিভাগ খুঁজে পেতে দীর্ঘ সময় ঘুরতে হচ্ছে। এতে রোগীদের ভোগান্তি আরও বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালকের দপ্তরে জানতে চাইলে পরিচালকের ব্যক্তিগত সহকারী (পিএ) জানান, হাসপাতালে শতাধিক জনবলের ঘাটতি রয়েছে। জনবল সংকটের কারণে সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে।
এছাড়া সামান্য বৃষ্টিতেই হাসপাতাল প্রাঙ্গণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে জানান তিনি। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
অন্যদিকে হাসপাতাল এলাকায় মশার উপদ্রবও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন অনেকেই।
এ অবস্থায় দ্রুত জনবল সংকট নিরসন, জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।