ধামরাই ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদের সচিব শারমিন আক্তারের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও নিয়মিত অফিসে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সচিব প্রায়ই অফিসে উপস্থিত না থাকায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরেজমিনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে সচিব শারমিন আক্তারকে অফিসে পাওয়া যায়নি। পরে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ছুটিতে রয়েছেন।
তবে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু মূসার সঙ্গে কথা বললে তিনি বলেন, সচিবকে নিয়মিত অফিস করার জন্য বলা হয়েছে। সচিবের ছুটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি কোনো ছুটিতে নেই।
এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, সচিব নিয়মিত অফিসে উপস্থিত না থাকার কারণে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পেতে তাদের বারবার ইউনিয়ন পরিষদে আসতে হচ্ছে। এতে সময় ও ভোগান্তি দুই-ই বাড়ছে।
সরকারি নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। অথচ এসব নিয়ম উপেক্ষা করে একজন ইউনিয়ন পরিষদের সচিব নিয়মিত অফিসে অনুপস্থিত থাকায় এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।