নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা এলাকায় আবাদি ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে করে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও সচেতন মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বাগাচারা গ্রামে একাধিক স্থানে গভীরভাবে মাটি কেটে পুকুর খনন করা হচ্ছে। এসব জমিতে আগে ধান, গমসহ বিভিন্ন মৌসুমি ফসল চাষ হতো। হঠাৎ করে জমি কেটে পুকুর তৈরি করায় আশপাশের জমিতেও ভাঙন ও জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।
একাধিক কৃষক অভিযোগ করে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই প্রভাবশালী একটি মহল রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিচ্ছে। ফলে কৃষিজমির শ্রেণি পরিবর্তন হয়ে স্থায়ীভাবে আবাদযোগ্যতা নষ্ট হচ্ছে। এতে খাদ্য উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, ফসলি জমি কেটে পুকুর খননের বিষয়টি তদন্ত করে দেখা হবে। অবৈধভাবে কেউ জমি খনন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সচেতন মহল মনে করছে, কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের কৃষি সংকট তৈরি হতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।