চট্টগ্রামের পটিয়া উপজেলায় ১ হাজার ৩০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ফিরোজা রউফ ফাউন্ডেশন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মেহের আটি গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন সূত্র জানায়, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ জামাল সাত্তার মিয়ার নিজস্ব অর্থায়নে তাঁর মা–বাবার নামে প্রতিষ্ঠিত এ সংগঠনটি প্রতিবছরের ধারাবাহিকতায় রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। এ বছর ১ হাজার ৩০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।ফাউন্ডেশনটির চেয়ারম্যান আলহাজ জামাল সাত্তার মিয়া বলেন, এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের মূল লক্ষ্য। এ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।স্থানীয়রা জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে দলমত নির্বিশেষে মানবসেবামূলক কাজ করে আসছে। বিশেষ করে গ্রামের পিছিয়ে পড়া মানুষের জন্য চক্ষু চিকিৎসা সহায়তা, শিক্ষার্থীদের বিনা মূল্যে বই বিতরণ, গুরুতর রোগীদের চিকিৎসা ব্যয় বহনসহ নানা কার্যক্রম পরিচালনা করছে তারা। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো উন্নয়নে রাস্তা সংস্কার এবং সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপনেও ভূমিকা রেখেছে সংগঠনটি। অসহায় নারীদের বিয়েতে আর্থিক সহায়তাও দেওয়া হয়।ইফতার বিতরণ কর্মসূচিতে ফাউন্ডেশনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন