সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ কাপড় ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা ও ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকা থেকে এই সিগারেট ও কাপড় পাচারের চেষ্টা চলছে এমন তথ্য আসে। এরপর কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কাভার্ড ভ্যানটি তল্লাশি করে উল্লেখযোগ্য পরিমাণের এই মালামাল উদ্ধার করা হয়। অভিযানের শেষে কাভার্ড ভ্যানের চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা মালামালের মধ্যে চট্টগ্রাম কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানটি দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে শুল্ক ফাঁকি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকরী ভূমিকা পালন করছে।