জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের আশঙ্কার অবকাশ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এর আগে ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোট কারচুপির কোনো আশঙ্কা প্রশাসনের কাছে নেই।
তিনি আরও বলেন, কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এলাকার পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং আজকের সভায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই সরকারের লক্ষ্য।