সিরাজগঞ্জে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন প্রকাশ্যে এক কলেজ ছাত্রকে মারধর ও ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত ওই শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের সময়।
আহত শিক্ষার্থীর নাম মো. গোলাম ফারুক অভি (১৮)। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াগোবিন্দ থানা পাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
আহত অভির মা মোছা. রিতা পারভীন জানান, অনুষ্ঠান চলাকালীন কয়েকজন যুবক ধাক্কাধাক্কি শুরু করলে অভি তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে জোরপূর্বক অনুষ্ঠানস্থল থেকে বের করে এনে কলেজের মূল ফটকের সামনে নিয়ে যায়। এরপর সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে একজন আসামি অভির বুকের ওপর বসে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করে। অপর একজন ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় অভিযুক্তরা তার কাছ থেকে ১,০১০ টাকা নগদ এবং প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের একটি Vivo V14 মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মারধরের ফলে গুরুতর আহত হয়ে অভি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মো. বাপ্পী, ছোট বাপ্পী, মো. তুহিন, মো. আরাফাত, মো. মেরাজ, মো. অপু, মো. রাজা এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।