টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তির রেকর্ডীয় সম্পত্তি বেআইনিভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ফজলুর রহমান জানান, প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি তার জমি জোরপূর্বক দখলের চেষ্টা করলে তিনি আদালতের শরণাপন্ন হন।
জানা গেছে, পাকুটিয়া ইউনিয়নের বাসিন্দা ফজলুর রহমানের নামে রেকর্ডভুক্ত সম্পত্তি দখলের উদ্দেশ্যে মোঃ ফটিক, মোঃ ফরহাদ, আঃ জব্বার, শাকিব মিয়া, আলেকজান, চানমিয়া ও সোহেলসহ কয়েকজন ব্যক্তি একাধিকবার চেষ্টা চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফজলুর রহমান মির্জাপুর আদালতে পিটিশন মোকদ্দমা নং ০১/২০২৬ দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
অভিযোগে বলা হয়, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদী ফজলুর রহমানকে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। সেখানে তাকে জোরপূর্বক সাদা কাগজে মুচলেকা দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ফজলুর রহমান আরও দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ‘আওয়ামী লীগ’ আখ্যা দিয়ে এলাকায় মব সৃষ্টির চেষ্টা চালায়, যা তার নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি করেছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো জোরজবরদস্তি করিনি। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি মাত্র।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী ফজলুর রহমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।