গত (৩০ জানুয়ারী) শুক্রবার, বগুড়ায় হোটেল নাজ গার্ডেন হলরুমে শাহজাদপুর সিএসএফ গ্লোবাল এর আয়োজনে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারম্যান, দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারম্যান জনাব, তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তার সহধর্মিনী ডক্টর জোবায়দা রহমান। অনুষ্ঠানে স্থানীয় ও শাহজাদপুরের বিভিন্ন অঞ্চলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও কিশোরদের চলাচলের সুবিধার্থে উন্নত মানের হুইল চেয়ার বিতরণ করা হয়। চেয়ার বিতরণ শেষে শিশুদের অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।
এসময় শিশুদের অধিকার রক্ষা ও তাদের মূলধারার সমাজে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন, শাহজাদপুর সিএসএফ গ্লোবাল-এর চেয়ারম্যান ও সিরাজগঞ্জ ৬ ( শাহ্জাদপুর) আসনের ধানের শীষের প্রার্থী,প্রফেসর ড.এম এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের সঠিক যত্ন ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। তিনি দল-মত নির্বিশেষে সকলকে এই সুবিধাবঞ্চিত শ্রেণির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ড.জোবায়দা রহমান শিশুদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্য ও শিক্ষার বিষয়ে খোঁজখবর নেন। আয়োজক, প্রফেসর ড.এম এ মুহিত এই উদ্যোগ কে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।