বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পটিয়ায় বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনামের গ্রামের বাড়ি কৈয়গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১২ পটিয়া আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সফল হতে হলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য ভুলে সংগঠনকে শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এনামুল হক এনাম আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপিকে সুসংগঠিতভাবে মাঠে থাকতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। সভায় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সওদাগর, মইনুল ইসলাম ছোটন, গাজী আবু তাহের, বদরুল খায়েরসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।