আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পেয়েছেন জননেতা আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। আজ আনুষ্ঠানিকভাবে তিনি তার নির্বাচনী প্রতীক হিসেবে দাড়িপাল্লা প্রতীক লাভ করেন।
প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা বলেন, “দাড়িপাল্লা প্রতীক ন্যায়, ইনসাফ ও ভারসাম্যের প্রতীক। জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি রূপগঞ্জবাসীর কাছে দাড়িপাল্লা প্রতীকে ভোট চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের মানুষ অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণ পরিবর্তন চায়। ইনশাআল্লাহ, জনগণের সমর্থন পেলে এই আসনকে একটি আদর্শ ও কল্যাণমুখী এলাকায় রূপান্তর করা হবে।
প্রতীক বরাদ্দের খবর ছড়িয়ে পড়লে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মনে করছেন, দাড়িপাল্লা প্রতীকে ব্যাপক জনসমর্থন তৈরি হবে এবং একটি গ্রহণযোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ-১ আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লার প্রার্থিতা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।