চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভোটের আগেই টাকা বিতরণের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও একটি পক্ষ ভোট কেনার উদ্দেশ্যে অর্থ বিতরণ শুরু করেছে।
বুধবার (২১ জানুয়ারি) কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা দেওয়া হবে—এমন ভিডিও প্রমাণ আমাদের কাছে রয়েছে। বিষয়টি প্রমাণসহ প্রশাসনকে জানানো হলেও তারা নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি এবং এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।”
জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করছে—এমন অভিযোগ প্রসঙ্গে আব্দুল্লাহ আল ফারুক বলেন,
“এসব বায়বীয় ও ভিত্তিহীন অভিযোগ। যার কোনো প্রমাণ নেই। আমাদের বিরুদ্ধে কাউন্টার দেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন,“নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বেড়েছে, একই সঙ্গে সন্ত্রাসীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আমরা সিরিয়াস হওয়ার অনুরোধ জানাচ্ছি।”
কক্সবাজার-১আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।