দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর চট্টগ্রামের পটিয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত্যুর ৯ দিন পর তাঁর মরদেহ দেশে পৌঁছেছে। নিহতের নাম মাওলানা সৈয়দ মো. আব্দুর রহিম (৫৮)। তিনি পটিয়া উপজেলার ১৩ নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৈয়দ মঞ্জিল বাড়ির বাসিন্দা এবং মরহুম হাজী সৈয়দ মোহাম্মদ আবুল বশরের তৃতীয় সন্তান। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ২৮ বছর ধরে দুবাইয়ে প্রবাসজীবন কাটানো মাওলানা আব্দুর রহিম গত ১১ নভেম্বর কর্মস্থলের কাছে শারজা এলাকার উম্মেল কইম নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। দুর্ঘটনার পর তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। টানা প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর গত ৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মাওলানা আব্দুর রহিম পটিয়ার শাহচান্দ আউলিয়া মাদ্রাসা থেকে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের ছোট ভাই সৈয়দ মুহাম্মদ আবদুল কদিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গত ১৪ জানুয়ারি মরহুমের মরদেহ দেশে পৌঁছায়। পরদিন ১৫ জানুয়ারি আসরের নামাজের পর নিজ এলাকার পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। স্থানীয়রা জানান, মাওলানা আব্দুর রহিম ছিলেন পরোপকারী ও নম্র স্বভাবের মানুষ। আগামী মাসে তাঁর দেশে ফেরার কথা ছিল। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপনের স্বপ্ন ছিল তাঁর। তাঁর মৃত্যুতে অত্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।