নওগাঁর ধামইরহাটে উপজেলার ছোট মোল্লাপাড়া এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে।
গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল ছোট মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করে। এসময় মো. আবু রায়হান (৩৮) ও মোঃ ময়নুল ইসলাম (৪০) নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার রোধ, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির অভিযান সর্বদা অব্যাহত থাকবে।