কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫-এর বিশেষ অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার (৭ জানুয়ারি) টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় টেকনাফ-টু-কক্সবাজারগামী মেরিন ড্রাইভ সড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫, কক্সবাজার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক কাদেরের জমিতে বর্গাচাষি মোহাম্মদ হাকিমের পানের বরজে অভিযান পরিচালনা করে মাটির নিচে লুকানো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি মোহাম্মদ হাকিম (২৩) নিজ হাতে মাটি খুঁড়ে ইয়াবাগুলো বের করে দেয়। উদ্ধারকৃত ইয়াবা একটি সাদা পলিথিনের বস্তায় মোড়ানো ১০টি প্যাকেটে সংরক্ষিত ছিল। প্রতিটি প্যাকেটে ছিল ৫০টি করে মোট ৫০০টি বায়ুরোধক জিপারযুক্ত পলি প্যাকেট এবং প্রতিটি পলি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ট্যাবলেট। সবমিলিয়ে উদ্ধার করা হয় ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট। এ ছাড়া তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ হাকিম টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল ইসলাম এবং মাতার নাম আনোয়ারা বেগম।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।