বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর এলাকা যেন দিনের পর দিন মাদক সাম্রাজ্যের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেই টিকে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর বারবার অভিযানের পরও এই এলাকা থেকে মাদক কারবার নির্মূল না হওয়া প্রশাসনিক ব্যর্থতারই নগ্ন প্রমাণ বলে মনে করছেন সচেতন মহল।
এই কুখ্যাত মাদকপল্লীর অন্যতম চিহ্নিত নাম জাহাঙ্গীর সরকারের কন্যা, বহুল আলোচিত ও একাধিকবার গ্রেপ্তার হওয়া তথাকথিত মাদক সম্রাজ্ঞী স্মৃতিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
স্থানীয়দের অভিযোগ, স্মৃতি শুধু একজন খুচরা বিক্রেতা নন—তিনি দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদক নেটওয়ার্ক পরিচালনা করে আসছেন। একাধিকবার গ্রেপ্তার হওয়ার পরও কীভাবে তিনি আবার প্রকাশ্যে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
এলাকাবাসীর ক্ষোভ—“আইন থাকলে কি মাদক কারবারি বারবার ফিরে আসে? নাকি আছে অদৃশ্য ছত্রচ্ছায়া?”ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তবে শুধু গ্রেপ্তার নয়, এই মাদকচক্রের পেছনে থাকা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে।
চক সূত্রাপুরকে মাদকমুক্ত করতে হলে নামকাওয়াস্তে অভিযান নয়, চাই কঠোর ও টেকসই ব্যবস্থা—নইলে এই আঁতুড়ঘর থেকেই আগামী প্রজন্ম ধ্বংসের পথে ঠেলে দেওয়া হবে বলে সতর্ক করছেন সচেতন নাগরিকরা।