খুলনায় জাতীয় নাগরিক পার্টির( এনসিপির) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তি এর বিভাগীয় কমিটির আহবায়ক মোতালেব শিকদার প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়েছেন। ২২ ডিসেম্বর দুপুর পৌনে ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন। মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা। তিনি মৃত মোসলেম শিকদারের ছেলে। এনসিপির খুলনা জেলা ও মহানগর সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পী বলেন, সোনাডাঙ্গা থানা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশংকাজনক। ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সম্প্রতি নগরীতে অহরহ গোলাগুলির ঘটনা ঘটছে, নদ নদীতে লাশ মিলছে। প্রশাসনের নিরাবতা ও নিস্কিয়তা সাধারন মানুষ জীবনের ঝুঁকির মধ্যে ফেলছে। খুলনা এখন কিশোং গ্যাং ও সন্ত্রাসীদের নগরে পরিনত হয়েছে। পুলিশ যে সব সন্ত্রাসীদের আটক করছে, তারা সহজে জামিনে মুক্ত হয়ে আবার সন্ত্রাসী গ্রুপ রাজনৈতিক মদদে সক্রিয় রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের পাশে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো হবে।