গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কসংলগ্ন গ্রামীণ ব্যাংকের (পলাশবাড়ী শাখা) প্রধান ফটকের সামনে ককটেল সদৃশ্য চারটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে ককটেলগুলো উদ্ধার করে। প্রাথমিকভাবে এগুলো অবিস্ফোরিত ককটেল বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলো কে বা কারা সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।