ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেও রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, ফেস্টুন ও প্রচারসামগ্রী অপসারণ না করায় কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন এবং জনদুর্ভোগ কমাতে রোববার দুপুরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেনসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমপূর্ণ স্থান থেকে নিয়ম বহির্ভূতভাবে টানানো ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করা হয়। এতে একদিকে যেমন সড়কের সৌন্দর্য ফিরে আসে, তেমনি যান চলাচলেও স্বস্তি ফিরে আসে বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন সকল প্রকার ব্যানার ও প্রচারসামগ্রী অপসারণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। কিন্তু সেই নির্দেশনা যথাযথভাবে মানা হয়নি। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ করতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার সব অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ নিশ্চিত করা হবে।”
প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে নির্বাচনী পরিবেশ আরও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে।